আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে বাংলাদেশের চ্যালেঞ্জ ‘১০ পয়েন্ট’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ২০ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে জিতে আরও ১০ পয়েন্ট পেতে মুখিয়ে বাংলাদেশ।

তবে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ। যে কোনও সময় ক্যারিবিয়ানরা জ্বলে উঠে নিজেদের সেরা খেলা খেলতে পারে। সেজন্য শেষ ম্যাচটিকেও খুব গুরুত্ব দিয়ে দেখছে তামিম ইকবালের দল। আগামীকাল সোমবার চট্টগ্রামে মাঠে নামার আগে আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা প্রত্যেকেই অনুশীলনে তাদের শতভাগ উজার করে দিয়েছেন।

এক ম্যাচ আগে সিরিজ জিতলেও বাংলাদেশের লক্ষ্য প্রতিপক্ষকে ধবলধোলাই করা। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তামিমের ভাবনা বেশ পরিষ্কার, ‘আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরও ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে।’

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় দুই ম্যাচে একটুও ভালো করতে পারেনি। অনভিজ্ঞ দলের ভালো করার সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। এমন দলের বিপক্ষে মাঠে শতভাগ নিবেদন দেখানোর কাজটাও কঠিন। ড্রেসিংরুমে প্রেরণা পাওয়া যায় খুব সামান্য। তবে দলনেতা তামিম জানালেন, ড্রেসিংরুমের পরিবেশ এবং ভালো খেলার নিবেদন রয়েছে আগের মতোই। মনোযোগ হারাননি কেউ।

দৃঢ়কণ্ঠে তামিম বললেন, ‘আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের (সোমবার) ম্যাচ গুরুত্বপূর্ণ। সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।’

ওয়েস্ট ইন্ডিজকে এর আগে একবারই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেটা ২০০৯ সালে তাদের মাটিতে। এবার দেশের মাটিতে একই স্বাদ নেওয়ার অপেক্ষায় তামিমের দল।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin