প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের (বিওটি) সাবেক ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ টিটু এবং সাবেক কোষাধ্যক্ষ (ট্রেজারার) ইফফাত জাহানের বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এই দুই কর্মকর্তা জনাব নজরুল ইসলাম কর্তৃক বিওটিতে মনোনীত হয়েছিলেন। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগ অনুযায়ী, একসময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দুটি ১৬ তলা ভবন—স্টার টাওয়ার ও এইচবিআর (HBR) টাওয়ার—এবং একটি ৬ তলা টেক্সটাইল ভবনে পরিচালিত হতো। কিন্তু পরবর্তীতে এইচবিআর টাওয়ার ও টেক্সটাইল ভবন ছেড়ে দেওয়া হয় এবং বর্তমানে সকল একাডেমিক বিভাগ ও প্রশাসনিক কার্যালয় একটি মাত্র ভবনে একীভূত করা হয়েছে।
এ প্রসঙ্গে আরও অভিযোগ রয়েছে যে, এইচবিআর টাওয়ারের মালিক বর্তমান ভারপ্রাপ্ত বিওটি চেয়ারম্যান কে এম খালেদ। ফলে ভবন ব্যবস্থাপনা নিয়ে স্বার্থের সংঘাত (Conflict of Interest) সৃষ্টি হয়েছে কি না—এ নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও এখনো সেখানে কার্যক্রম শুরু করতে পারেনি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিওটি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তরের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করেন।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ না নিয়ে কর্তৃপক্ষ শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, ক্রয় এবং রক্ষণাবেক্ষণ খাতে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, নতুন শিক্ষার্থী ভর্তি কমে যাচ্ছে এবং অনেক দক্ষ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন বলে তারা দাবি করেন।
এ ধরনের অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||




