আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে ঢেঁড়স ভাজি, ডিমের তরকারি কেন?

বুধবার গভীর রাতে ঘুমোতে যাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ চোখে পড়লো মানবজমিন এর একটি সংবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের বৈঠক, আর সেই বৈঠকের মধ্যাহ্নভোজের বর্ণনা। পড়তে পড়তে থমকে গেলাম। মনে হলো—এটা কি সত্যিই কোনো ‘সংবাদ’, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কিছু? কারণ মানবজমিন মানেই নতুনত্ব। তখনই ঠিক করলাম—এই নিয়ে লিখতেই হবে। কারণ কখনো কখনো ছোট্ট একটি থালার মধ্যেই লুকিয়ে থাকতে পারে বড় কিছু সূচনার নতুন ইতিহাস।

সম্প্রতি নোয়াবের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন। দেশের সাংবাদিকতার ইতিহাসে জীবন্ত কিংবদন্তি, মানবজমিনের সম্পাদক ও নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র মালিক ও সম্পাদকরা সেখানে উপস্থিত ছিলেন। এটি ছিল রাষ্ট্র ও গণমাধ্যমের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু সেই আলোচনার মাঝেই যে বিষয়টি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, তা হলো—প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ।

আমরা সাধারণত কী কল্পনা করি? একটি দেশের সরকার প্রধানের টেবিলে থাকবে রাজকীয় আয়োজন—নানা পদের মাছ, মাংস, খুরমা-পোলাও, ডেজার্টের বাহার। পাঁচ তারকা হোটেলের বুফের মতো সাজানো থাকবে অগণিত পদের পসরা। এমনটাই তো আমাদের চেনা দৃশ্য, এমনটাই বহুদিন ধরে আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ।
কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন।
টেবিলে ছিল সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ-চিংড়ি, ডিমের তরকারি, আর শেষে এক বাটি দই।

প্রথমে এটি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়—এটি কেবল একটি খাবারের তালিকা নয়, এটি একটি রাজনৈতিক দর্শন। প্রধানমন্ত্রীর দপ্তরে হাসিনা সরকারামলে জনপ্রতি খাবারের বরাদ্দ ছিল প্রায় ৮০০ টাকা। দীর্ঘদিন ধরে এই প্রথা চলছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেই বরাদ্দ কমিয়ে মাত্র ১৫০ টাকায় নিয়ে এসেছেন। অর্থাৎ প্রায় সাড়ে ৬০০ টাকার কাটছাঁট।

এখন প্রশ্ন হলো—আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত মানুষ, আমরা কি দেড়শ টাকায় স্বাচ্ছন্দ্যে একটি ভালো মধ্যাহ্নভোজ করতে পারি? শহরের কোনো সাধারণ হোটেলে খেলেও ২০০-৩০০ টাকা লেগে যায়।

সেখানে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি নিজের জন্য এমন সংযমী খাবার বেছে নিচ্ছেন—এটি নিঃসন্দেহে আমাদের সকলের জন্য একটি শক্তিশালী বার্তা। এবং একই সঙ্গে আমাদের জন্য আশীর্বাদও বটে। যদি আমরা তা বুঝতে পারি।

আমাদের জন্য এই বার্তাটি হচ্ছে—রাষ্ট্র পরিচালনা মানে বিলাসিতা নয়, দায়িত্ব। ক্ষমতা মানে ভোগ নয়, সংযম। নেতৃত্ব মানে আলাদা হয়ে যাওয়া নয়, বরং মানুষের জীবনের সঙ্গে একাত্ম হওয়া।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অর্থাৎ হাসিনার সময় আমরা এক ভিন্ন দৃশ্যও দেখেছি। যেখানে ক্ষমতার টেবিল ভরে থাকত প্রাচুর্যে—নানা পদের মাছ, মাংস, পোলাও, ডেজার্ট। সেই টেবিল যেন ছিল চাকচিক্য আর আভিজাত্যে মোড়ানো ক্ষমতার দম্ভ, দূরত্ব আর বিলাসিতার প্রতীক।

তার বিপরীতে আজকের এই সাদামাটা টেবিল যেন অন্য আরেকটি প্রতীক—সংযমের, নৈতিকতার, দায়বদ্ধতার। প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সচেতনভাবেই এই প্রতীকটি নির্মাণ করছেন আপন মনে।

শুধু খাবারেই নয়,দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া প্রায় প্রতিটি সিদ্ধান্তই সংযম ও ত্যাগের দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করছে।

মন্ত্রী-এমপিদের জন্য সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল—যেখানে অনেকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন—সেটি এক ঘোষণায় বন্ধ করে দেওয়া। ভিভিআইপি প্রটোকল না নেওয়ার সিদ্ধান্ত—যেখানে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর কথা ভাবা হয়েছে। জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানো—যা সরাসরি ব্যয় সংকোচনের একটি পদক্ষেপ।
এই সবকিছুই যেন একই গল্প বলে—রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত ভোগের জন্য নয়। বরং জনস্বার্থই সবার আগে।

নোয়াবের বৈঠকে এক পর্যায়ে একজন সম্পাদক প্রশ্ন করেছিলেন—মন্ত্রী-এমপিরা তো এই সিদ্ধান্তে কিছুটা অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী তখন মৃদু হেসে বলেছিলেন, “মন তো আমারও খারাপ… আমিও তো সেই সুযোগ পেলাম না।”

প্রধানমন্ত্রীর এই বাক্যটিই প্রমাণ করে যে, তাঁর এই সংযম আরোপিত নয়, তিনি আত্মসচেতন। তিনি নিজেও সেই সুবিধা ত্যাগ করছেন। এই স্বীকারোক্তিই তাকে মানবিক করে তোলে, বিশ্বাসযোগ্য করে তোলে।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পারিবারিক ঐতিহ্য। তারেক রহমানের এই জীবনাচারে আমরা তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় ব্যক্তিত্ব জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের অধিকারী একজন মানুষ। তাঁর খাবারের তালিকাও ছিল সাধারণ—ভাত, ডাল, মাছ, রুটি, মাংস—কিন্তু কখনোই অতিরিক্ত আয়োজন নয়। এমনকি কোথাও অতিরিক্ত আয়োজন দেখলে তিনি অসন্তুষ্ট হতেন। কথিত আছে, মন্ত্রিপরিষদ বৈঠকের দিন মন্ত্রী-সচিবদের মন খারাপ থাকতো, ডাল ভাত খেতে হবে বলে।

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নিজেকে কখনো আলাদা করে দেখেননি—কর্মীদের মতোই খাবার গ্রহণ করতেন। তারেক রহমানের মাধ্যমে এই উত্তরাধিকার যেন নতুনভাবে আবার ফিরে এসেছে বাংলাদেশের রাজনীতিতে।

আজকের এই সাদামাটা মধ্যাহ্নভোজ তাই কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এটি একটি ধারাবাহিকতার প্রতিফলন, একটি রাজনৈতিক সংস্কৃতির পুনর্জাগরণ বলেই মনে হচ্ছে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়—এই সংযম কি তারা সহজে মেনে নিতে পারবে,যারা বিগত শাসনামলের রসনা বিলাসে অভ্যস্ত?

ইতিহাস আমাদের শিখিয়েছে, অনেক ভালো উদ্যোগই সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, যদি তা প্রাতিষ্ঠানিক রূপ না পায়। রাজনৈতিক চাপ, দলের অভ্যন্তরীণ অসন্তোষ, বাস্তবতার জটিলতা—সব মিলিয়ে এই ধরনের সিদ্ধান্ত ধরে রাখা মোটেও সহজ কাজ নয়।

এই জায়গাটিতেই নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুরু হয়। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরীক্ষায় উত্তীর্ণ হবেনই।

যদি এই সংযম আমাদের নীতিতে পরিণত হয়—যদি তা প্রশাসনের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে—তাহলে এটি একটি স্থায়ী পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। সূচনা করতে পারে এক নতুন বাংলাদেশের। আর যদি তা না হয়, তাহলে এটি কেবল একটি প্রতীক হিসেবেই থেকে যাবে। যাক খুবই দুঃখজনক।

পরিশেষে বলতে চাই,প্রধানমন্ত্রীর সাদাসিধে মধ্যাহ্নভোজ আমাদের সকলের জন্য একটি বার্তা। একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা—যেখানে বিলাসিতা নয়, সংযম; ভোগ নয়, ত্যাগ; ক্ষমতা নয়, দায়িত্ব—এই তিনটি শব্দই হয়ে ওঠে নেতৃত্বের ভিত্তি। এগুলো হয়তো অনেকের কাছেই খুব ছোট বিষয় মনে হতে পারে। কিন্তু যখন সেই সাধারণ খাবারের মধ্যেই একটি জাতির ভবিষ্যতের দর্শন লুকিয়ে থাকে, তখন সেটি আর ছোট থাকে না। এটি হয়ে ওঠে দীপ্ত পায়ে সামনে এগিয়ে চলার স্বপ্নীল ক্যানভাস। যেখানে সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ চিংড়ি আর ডিমের তরকারি নিঃশব্দে লিখে দিচ্ছে নতুন এক বাংলাদেশের গল্প।

লেখক: সাংবাদিক-কলামিস্ট ও সম্পাদক,আমার দিন, ঢাকা।
ই-মেইল: ahabibhme@gmail.com

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin