আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাকিবের আশা, সতীর্থদের বিশ্বাস আগের মতোই আছে

জুয়ারির প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। দেখতে দেখতে সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। এখন মাঠে ফেরার পালা। ক্রিকেটের সঙ্গে এতদিনের বিচ্ছেদ তার মনে খুব একটা দাগ কাটেনি। ক্রিকেট থেকে দূরে থাকায় অনুশোচনাতেও ভুগছেন না তিনি। তার আশা ড্রেসিংরুমে ফিরে আগের আবহ পাবেন তিনি। তবে সেরকম কিছু হলেও তা স্বাভাবিক মনে করছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়ায় সতীর্থদের কাছ থেকে সাকিব আগের মতো ব্যবহার পাবেন কি না তা নিয়ে সংশয় থাকা স্বাভাবিক। কিন্তু তার মনে হয় না, মাহমুদউল্লাহ-তামিমরা তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবে যদি বিশ্বাস ভঙ্গ হয় তা স্বাভাবিক বলে মনে করছেন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন সাকিব। তার আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করে নিষেধাজ্ঞা নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, নিষিদ্ধ হওয়ার ঘটনায় কিছুটা হলেও সতীর্থদের বিশ্বাস ভঙ্গ হয়েছে কি না এবং যদি অবিশ্বাস তৈরি হয় তাহলে বিশ্বাস ফিরে পাওয়া জরুরি কি না?

কোনও রাখঢাক না রেখে সাকিব বলেছেন, ‘এটা একটু কঠিন প্রশ্ন। আসলে কার মনের ভেতরে কী আছে বলাটা মুশকিল। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরিও হতে পারে- সেটা আমি কখনও অস্বীকার করি না। কিন্তু যেহেতু এর ভেতরে আমার সবার সঙ্গে মোটামুটি যোগাযোগ ছিল, কথা হয়েছে- আমি ওভাবে অনুভব করি না। আশা করি এই জায়গায় কোনও সমস্যা হবে না।’

আগের মতো সবার বিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবেন বলে আশাবাদী সাকিব, ‘তারা সবাই আমাকে যেভাবে বিশ্বাস করতো, আশা করি ওভাবেই বিশ্বাস করবে। তবে এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। মনের কোণায় সন্দেহ জাগতে পারে, সেটা নিয়ে আসলে আফসোস করার কিছু নাই। কারণ ঘটনাটাই এমন যে মনের কোণায় সন্দেহ তৈরি হতে পারে। তবে আমার ধারণা, আমার প্রতি তাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটাই থাকবে।’

সাকিবের প্রতি যে বিশ্বাস সতীর্থরা হারাননি, তার প্রমাণ নিষেধাজ্ঞামুক্তির দিনই দেখা গেছে। দেশসেরা ক্রিকেটারকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। সাকিবকে ড্রেসিংরুমে ফিরে পেতে তাদের যেন আর তর সইছে না।

নিষেধাজ্ঞা কাটিয়ে শিগগিরই মাঠে ফিরছেন সাকিব। নভেম্বরের শেষ দিকে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতেই হয়তো দেখা যাবে তাকে। এর আগে ৯ নভেম্বর ফিটনেস টেস্ট দিতে হবে সাকিবকে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin