সোমবার জামালপুরের মাদারগঞ্জে নতুন পৌর ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ইমরান আহমেদ। বক্তব্যে জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ বলেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমাদের অনেক কষ্টের অর্জিত এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতার সুফল হলো আজকের যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে। তিনি বলেন, ‘যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে; এটা হবে আমাদের অঙ্গীকার।’
তিনি বলেন, আপনারা এই সরকারের প্রতি অসহযোগীতা করবেন না। মাদারগঞ্জ পৌসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বাকি বিল্লাহ্, জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিশদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে ক্লোজ করা হয়।




