বিএনপি ঘোষিত কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী এডভোকেট জালাল উদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অপর মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আহসান হাবীব বরুন। জালাল উদ্দিনের প্রার্থিতা বাতিলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পবিত্র নির্মল জীবনে কলঙ্ক লেপনকারী ও জীবন ধ্বংসকারী ব্যক্তি কুখ্যাত আব্দুল কাহার আকন্দের ঘনিষ্ঠ সহযোগী জালাল উদ্দিন।
একটি অনুষ্ঠানে জালাল উদ্দিনকে আব্দুল কাহার আকন্দের প্রশংসা করতে শোনা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চিঠির সঙ্গে সেই ভিডিও ফুটেজ সংযুক্ত করে দিয়েছেন । এছাড়া আওয়ামীলীগের এমপিদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে এবং কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেখা যায় জালাল উদ্দিনকে। এই সমস্ত ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এসব কারণে এই প্রার্থীকে নিয়ে বিএনপি নেতাকর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে।
আসনটি বিএনপি’র হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে তার মনোনয়নটি বাতিলের দাবি তুলেছেন অনেকেই। এ ব্যাপারে মনোনয়ন বঞ্চিত সাংবাদিক আহসান হাবিব বরুণ বলেন, কিছু মানুষের বিতর্কিত এবং ভুল রাজনীতির ফলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ২০০১ সালে হাতছাড়া হয়। আসনটি পুনরুদ্ধার করতে হলে জালাল উদ্দিনের মনোনয়ন বাতিলের কোন বিকল্প নেই। আহসান হাবীব আরো বলেন, আসনের চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারেক রহমানের নিরাপত্তা।
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার কুখ্যাত তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার এখন ৫ আগস্টের পর থেকে পলাতক আছেন বলে জানা যায়। সম্প্রতি বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ টি আসনে মনোনয়ন ঘোষণা করে। যদিও মনোনয়ন ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে মাদারীপুর ১আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়।
বিএনপি’র কেন্দ্রীয় সূত্র বলছে, বিভিন্ন ধরনের অভিযোগে ঘোষিত প্রার্থীদের অনেকের মনোনয়ন বাতিল হতে পারে। আর এটি একটি সম্ভাব্য প্রার্থী তালিকা। চূড়ান্ত পর্বে আরো পরিবর্তন আসতে পারে।




