বরিশালে ব্যস্ত সড়কে অস্ত্র নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সিটি কাউন্সিলর একেএম মুরতজা আবেদীন ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্নার মধ্যে এ ঘটনা ঘটে। মুরতজা আবেদীনের দাবি, তার ওপর অতর্কিত হামলা করে তার লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন মান্না। তবে অভিযোগ অস্বীকার করে মান্না দাবি করেন, তাকে গুলি করার চেষ্টা করেছেন মুরতজা।
রোববার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর পোর্ট রোডে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পিস্তলসহ মুরতজা ও মান্নাকে বরিশাল কোতোয়ালি মডেল থানা হেফাজতে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখার সময় তারা থানাতেই ছিলেন।
এদিকে এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যাটারিচালিত অটোর মধ্যে মান্না ও মুরতজার মধ্যে পিস্তল নিয়ে ধস্তাধস্তি হচ্ছে।
এ বিষয়ে মুরতজা আবেদীন বলেন, ভূমি অফিস থেকে বের হওয়ার পরই আমার ওপর হামলা চালায় মান্নাসহ তার লোকজন। এ সময় আমার কাছে থাকা লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মান্না।
অন্যদিকে রইজ আহম্মেদ মান্না বলেন, আমি পারিবারিক জমি সংক্রান্ত কাজে ভূমি অফিসে যাই। কাজ শেষে বেরিয়ে গেটে আসা মাত্রই মুরতজা আমাকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে পিস্তল দিয়ে গুলি করতে উদ্যত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, অস্ত্রটি আমাদের হেফাজতে রয়েছে। তাছাড়া মুরতজা ও মান্না থানায় আছেন। আমরা বিষয়টা দেখছি। আশপাশের সিসি টিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হবে।




