ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থীদের পরিচিতি উপলক্ষে মতবিনিময় সভা করা হয়েছে। সমাবেশে নিজ নিজ পক্ষে বেশি জনসমর্থন দেখাতে শিশু-কিশোরদের দিয়ে মিছিল করিয়েছেন দুই চেয়ারম্যান পদপ্রার্থী।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে সোমভাগ ইউনিয়নের দেপাষাই খেলার মাঠ এলাকায় এ মতবিনিময় সভা হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন ধামরাইয়ের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।
অনুষ্ঠানে নিজেদের পক্ষে বেশি জনসমর্থন দেখাতে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজাহার আলী ও আব্দুল লতিফ শিশু-কিশোরদের দিয়ে মিছিল করিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিছিলে অংশ নেওয়া শিশু-কিশোরদের মাথায় আজাহারের ছবি ও নাম সম্বলিত টুপি ও ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে। একই কাজ করেছেন আব্দুল লতিফও। প্রার্থীদ্বয় টাকা দিয়ে বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে এনেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মিলন নামের এক শিশু বলে, ‘আমি আজাহার কাকার জন্য এসেছি। আমাকে এক বড় ভাই আসতে বলেছে, তাই এসেছি।’
মাদ্রাসাছাত্র শিহাব বলেন, ‘আমাকে টাকা দিতে চেয়েছে। তাই এসেছি। আমার বন্ধুরাও এসেছে।’
এ বিষয়ে সোমভাগ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আজাহার আলী বলেন, ‘টাকা বা খাওয়া ছাড়া কি কেউ আসে? শিশুদের ব্যাপারে আমি জানি না। আমি আমার সমর্থকদের বলেছি, তারাই হয়তো শিশুদের এনেছে।’




