আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র: কাদের

স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২২ নভেম্বর) কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সম্প্রতি বাসে আগুন দেওয়ার পর বিএনপি আবার জ্বালাও-পোড়াও রাজনীতিতে ফিরে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতির জন্য জণগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সব দলের রয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে সমুচিত জবাব দেবে সরকার।

বিএনপি অস্বীকার করলেও ভিডিওচিত্রে সব প্রকাশিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুখচ্ছবি কখনো মুখোশ দিয়ে ঢাকা যায় না। কথামালার চাতুরি দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেকোনো নির্বাচনে পরাজিত হলেই দোষ চাপায় সরকারের ও নির্বাচন কমিশনের ওপর। আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারতো।

তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যে দলগত ভূমিকা জনগণ প্রত্যাশা করে, তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে বলেও মন্তব‌্য করেন।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ বদলে দিয়েছে কক্সবাজারের সুনীল সমুদ্র অবলোকনের দৃশ্যপট।

তিনি বলেন, মেরিন ড্রাইভকে ঘিরে সম্প্রসারণের উদ্যোগও এরইমধ্যে নেওয়া হয়েছে। রামু, ফতেখারকুল, মরিচ্যা জাতীয় মহাসড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। কক্সবাজার লিংকরোড় থেকে লাবণী মোড় পর্যন্ত চারলেনের মহাসড়কের কাজ শিগগিরই শেষ হবে বলেও জানান তিনি।

কক্সবাজার প্রান্তে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, আশিক উল্লাহ রফিক, জাফর আলম এবং সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin