আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

হাসিনাকে ক্ষমতায় বসানোর মাস্টার প্ল্যান,কূটনীতির মুখোশের আড়ালে ভয়ংকর ফাঁদ!

গত দুই বছরেরও বেশি সময় ধরে ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি ও বিচারব্যবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়ে চলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার একটি প্রতিবেদন এই পুরো বিষয়টিকে এক চরম সংকটের মুখে দাঁড় করিয়েছে। ওই প্রতিবেদনে ভারতীয় সরকারি ও সামরিক মহলের সূত্রে দাবি করা হয়েছে যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত জুড়ে দিয়েছে।

প্রথমত, তাঁকে ফিরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়া ও দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে; কারণ, তিনি ৫ আগস্ট ২০২৪ সালে একটি সামরিক বিমানে করেই ভারতে এসেছিলেন। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ও বিচারপ্রক্রিয়ায় বিশেষ ছাড়—বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং জুলাই হত্যাকাণ্ডের নতুন বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁর নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনীকে নিতে হবে।

এই প্রতিবেদন প্রকাশের পরই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তা কেবল একটি সাধারণ কূটনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রকাঠামোর গভীরতম সংকটকে সামনে এনেছে। কিন্তু এই পুরো আলোচনার অন্তরালে লুকিয়ে রয়েছে আরও এক নির্মম ও অস্বস্তিকর আইনি বাস্তবতা, যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

সবচেয়ে ভয়ংকর ও অস্বস্তিকর ব্যাপার হলো, বাংলাদেশের বিদ্যমান সংবিধানের আইনি কাঠামো অনুযায়ী শেখ হাসিনাই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী! আর তাঁর পদত্যাগপত্র নিয়ে শুরু থেকেই এক গভীর ধোঁয়াশা ও রহস্য বজায় রয়েছে।

স্মরণ করা যেতে পারে, গণঅভ্যুত্থানের পর তদানীন্তন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বিশিষ্ট সাংবাদিক ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন যে, তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পাননি। পরবর্তীতে মতিউর রহমান চৌধুরী নিজেও এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছিলেন যে, পদত্যাগপত্রটি শেখ হাসিনা হস্তান্তর করার সময় পাননি—অর্থাৎ, সাংবিধানিক ও আইনি দৃষ্টিকোণ থেকে সেই পদত্যাগপত্রটি ছিল মূলত শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে!

এই আইনি শূন্যতা বা ধোঁয়াশার অর্থ দাঁড়ায়, কঠোর সাংবিধানিক ও আইনগত মারপ্যাঁচে শেখ হাসিনা আজও কাগজে-কলমে দেশের প্রধানমন্ত্রী পদে বহাল রয়েছেন। এটি শুনতে যতটাই অস্বস্তিকর বা অবিশ্বাস্য শোনাক না কেন, আইনি কাঠামোর নির্মম এই বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই আইনি ফাঁকফোকরটিকে পুঁজি করেই ভারত এখন এক সুদূরপ্রসারী ও ধ্বংসাত্মক ছক কষেছে।

এখন যদি ভারতের কথামতো বাংলাদেশ সেনাবাহিনী একটি সামরিক বিমানে করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে, তবে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা অনুধাবন করা খুব একটা কঠিন নয়।

আমাদের রাষ্ট্রযন্ত্রের একটি বড় অংশ—বিশেষ করে পুলিশ প্রশাসন, বেসামরিক আমলাতন্ত্র এবং সামরিক ও গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলোতে বিগত দেড় দশকে শেকড় গেড়ে বসা শেখ হাসিনা ও ভারতপন্থী অনেক কর্মকর্তা এখনো বহাল তবিয়তে বসে আছেন। এর আগেও বহুবার বিভিন্ন কলাম আমি এ কথা বলেছি।

সেনাবাহিনী যখন ‘আমাদের প্রধানমন্ত্রী ফিরে এসেছেন’—এই সাংবিধানিক ও আইনি যুক্তিকে সামনে এনে শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে বা সামরিক পাহারায় দেশে ফিরিয়ে আনবে, তখন প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা সেই সুবিধাভোগী ও ভারতপন্থী চক্রটি একযোগে বিদ্রোহ করে বসতে পারে।

তারা মাঠ প্রশাসন অচল করে দিয়ে এবং সরকারের বিভিন্ন স্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি এমন এক পর্যায়ে নিয়ে যাবে, যেখানে বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। আর এই অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিটি পদক্ষেপে ভারত যে সর্বাত্মক লজিস্টিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রদান করবে, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই।

এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘাত এবং গৃহযুদ্ধ বেধে যাওয়া মোটেও অস্বাভাবিক নয়। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতাচ্যুত হয়েছিল, তাদের চূড়ান্ত প্রতিশোধ গ্রহণের জন্য এর চেয়ে সুচতুর, নিখুঁত ও ধ্বংসাত্মক ফাঁদ আর কিছুই হতে পারত না। ভারত ঠিক এই ভয়ংকর খেলাটাই খেলতে চাইছে। এখন বিলিয়ন ডলারের প্রশ্ন হলো, বাংলাদেশের বর্তমান সরকার এবং সেনাবাহিনী দিল্লির এই মরণফাঁদে পা দেবে কি না।

এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উদ্বেগজনক কিছু কূটনৈতিক তৎপরতা। বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরপরই আকস্মিকভাবে দিল্লি ছুটে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন।

এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিবিসির এই বহুল আলোচিত প্রতিবেদনটি প্রকাশের ঠিক প্রাক্কালেই ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এই বৈঠককে কোনো সাধারণ বা রুটিন কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ মনে করার কোনো কারণ নেই। এর পেছনেও যে গভীর ভূরাজনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষমতার হিসাব-নিকাশ কাজ করছে, তা বুঝতে বিশ্লেষক হওয়ার প্রয়োজন পড়ে না। পর্দার অন্তরালে যে একটি বড় ধরনের খেলা চলছে, তা আজ দিবালোকের মতো স্পষ্ট।

এখানে প্রশ্ন হচ্ছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা গুরুত্বপূর্ণ মন্ত্রীদের এ বিষয়ে কোনো আভাস দিয়েছিলেন যে, ‘ঠিক আছে, আমরা সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে পারি, যদি আপনারা রাজি থাকেন’? আর দীনেশ ত্রিবেদীর সেই চাণক্য কূটনীতির ফাঁদেই কি সরকারের কোনো অংশ পা দিয়েছিল এই ভেবে যে, ‘ঠিক আছে, সেনাবাহিনীর হাতেই হাসিনাকে ছেড়ে দেওয়া হোক, সেনাবাহিনীই দায়িত্ব নেবে’?

যদি সরকারের অবস্থান এ ক্ষেত্রে সামান্যতম ইতিবাচক হয়ে থাকে, তবে আমি স্পষ্টভাবে বলতে চাই—এই সরকার নিজেই নিজের পায়ে কুড়াল মারবে। এটি হবে আক্ষরিক অর্থেই খাল কেটে কুমির আনার শামিল; যার পরিণতিতে এই সরকার নিজেই সেই কুমিরের পেটে চলে যেতে পারে। সরকার যদি পর্দার আড়ালের এই খেলার গভীরতা ও সংবেদনশীলতা অনুধাবন করতে ব্যর্থ হয়, তবে তাদের চরম মূল্য দিতে হতে পারে।

একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা নিয়ে টিকে থাকতে হলে বাংলাদেশের কোনো সরকারই ভারতের এই ধরনের অযৌক্তিক, অবমাননাকর ও শর্তযুক্ত প্রস্তাব মেনে নিতে পারে না। সামরিক বিমান দিয়ে নিয়ে যাওয়া কিংবা বিচারপ্রক্রিয়া প্রভাবিত করার শর্ত মেনে নেওয়ার অর্থ হলো নিজেদের জাতীয় সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়া।

তবে এর পাশাপাশি আজ আমাদের গভীর আত্মসমালোচনা করার সময় এসেছে। শেখ হাসিনার দীর্ঘদিনের কর্তৃত্বপরায়ণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের মানুষ কেন রক্তক্ষয়ী আন্দোলনে রাজপথে নেমেছিল? মানুষ কি কেবল একটি সরকারের চেয়ারে মুখ বদল দেখতে চেয়েছিল, নাকি রাষ্ট্রের সামগ্রিক কাঠামো, চরিত্র ও সিস্টেমের মৌলিক পরিবর্তন চেয়েছিল?

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের একটি অত্যন্ত বাস্তবনির্ভর ও সুদূরপ্রসারী মন্তব্য স্মরণ করা যেতে পারে। তিনি একবার বলেছিলেন, ‘শেখ হাসিনা ছাড়া তো সবকিছু আগের মতোই আছে!’ বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এ দেশের সিংহভাগ মানুষ ঠিক এই কথাটিই মনে করছেন।

তারা দেখছেন, শুধু শেখ হাসিনাই নেই, কিন্তু শাসনপদ্ধতি, ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ এবং পুরোনো সিস্টেমের দৌরাত্ম্য—সবকিছুই আগের মতো রয়ে গেছে।

তাহলে কি এই রাজনৈতিক ব্যর্থতার দায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতিবিদরা এড়াতে পারেন? একেবারেই না। আজ শেখ হাসিনাকে ফেরানোর এই নির্দিষ্ট ‘ডেডলাইন’ বা সময়সীমা ভারত এমনি এমনি ঘোষণা করেনি। তারা এ দেশের মানুষের মনস্তত্ত্ব নিয়ে গভীর গবেষণা করেই হাসিনার ফেরার এই ডিসেম্বরকেন্দ্রিক ডেডলাইনটি সামনে এনেছে।

দিল্লি খুব ভালো করেই জানে যে, সংস্কারের ধীরগতি ও রাজনৈতিক মেরুকরণের কারণে এ দেশের সাধারণ মানুষ ইতোমধ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে এবং বর্তমান শাসনব্যবস্থার প্রতি এক ধরনের অস্থিরতা ও আস্থাহীনতায় ভুগছে। সমস্ত হিসাব-নিকাশ কষেই ভারত হাসিনাকে দিয়ে এই ডিসেম্বরের বিপজ্জনক খেলাটা খেলছে।

ডিসেম্বর ঘিরে ফ্যাসিবাদী চক্রের এই যে ভয়ংকর ‘অলআউট’ ষড়যন্ত্র চলছে, তা কেবল কূটনৈতিক টেবিলেই সীমাবদ্ধ নেই; বরং এর বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতিটি স্তরে।

এর বাইরে দেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতাও কিন্তু এই বৃহত্তর ষড়যন্ত্র ও অস্থিরতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। যেখানে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে যে, ডিসেম্বর থেকে নতুন বেতনকাঠামো কার্যকর হবে এবং জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন বেতন ভোগ করতে পারবেন, তারপরও পোশাক খাতে এই অস্থিরতা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়েও অস্থিরতা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সবকিছু মিলিয়ে ডিসেম্বর ঘিরে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী চক্রের যে বহুমুখী ও ভয়ংকর ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলায় সরকারের প্রস্তুতি কতটুকু আছে এবং এ ব্যাপারে সরকার কতটুকু সংবেদনশীল—তা নিয়েও জনমনে গভীর সন্দেহ দেখা দিয়েছে।

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নে ব্যর্থতা এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে সরকারের দৃশ্যমান দুর্বলতা নিয়ে ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের গুঞ্জন ও ক্ষোভ শুরু হয়েছে।

পরিশেষে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকার যদি পর্দার অন্তরালের এই ষড়যন্ত্র এবং ভূরাজনৈতিক খেলার গভীরতা সত্যিকার অর্থে বুঝতে পারে, তবে এখন তাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হওয়া উচিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক করা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত করা।

পাশাপাশি সমাজ ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সর্বোচ্চ কার্যকর ও কঠোর অবস্থান গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।

সবচেয়ে বড় কথা হলো, ডিসেম্বর ঘিরে যে অস্থিরতা ও অনিশ্চয়তার সূচনা ঘটেছে, সেখান থেকে জাতিকে মুক্ত করাই এখন সরকারের প্রধান, প্রথম এবং একমাত্র কর্তব্য।

ভারতের এই সুচতুর ও ভয়ংকর ফাঁদে পা দিলে সরকার কেবল তার নৈতিক ভিত্তিই হারাবে না, বরং অস্তিত্বহীন হয়ে পড়তে পারে; ক্ষমতার মসনদ চলে যেতে পারে অন্য কারও হাতে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই সব ধরনের দুর্বলতা কাটিয়ে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই চক্রান্ত প্রতিহত করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো যাবে না। মহান আল্লাহ সুবহানা তায়ালা আমাদের সহায় হোন এবং সহীহ বুঝ নসিব করুন।

লেখক:সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল: ahabibhme@gmail.com

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin