আজ সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনে মার্কিন কূটনীতিকের তাৎপর্যপূর্ণ বার্তা!

বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সন্ধিক্ষণ চলছে। ২০২৪ সালের আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণে এসেছে গভীর পরিবর্তন। স্বৈরাচারী শাসনের পতনের পর একদিকে যেমন নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে, অন্যদিকে দীর্ঘ ১৫ বছরের জঞ্জাল ও প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রকে পুনর্গঠন করার চ্যালেঞ্জ এখন পর্বতপ্রমাণ।

ঠিক এ রকম একটি জটিল ও সংবেদনশীল সময়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত বাস্তবসম্মত, দূরদর্শী ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান যেন কোনোভাবেই বাংলাদেশ ও নয়াদিল্লির সম্পর্ককে নিয়ন্ত্রণ বা জিম্মি করতে না পারে।

জাতীয় স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার এই আহ্বান কূটনৈতিক শিষ্টাচারের গণ্ডি ছাড়িয়ে বর্তমান সরকারের জন্য এক গভীর দিকনির্দেশনা হিসেবে এসেছে বলেই মনে হচ্ছে।

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বর্তমান ভূরাজনীতি নিয়ে ড্যান মোজেনার মূল্যায়ন অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে তিনি শুরুতেই নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের লাখ লাখ কর্মী-সমর্থক থাকলেও ক্ষমতার সর্বোচ্চ আসনে ফিরে আসার ক্ষেত্রে তাঁর রাজনৈতিক সময় শেষ হয়ে গেছে।

যদিও লেখালেখি কিংবা দিল্লির কোথাও বসে তাঁর কণ্ঠস্বর বা বক্তব্য হয়তো মাঝেমধ্যে শোনা যাবে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে তাঁর প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই বলে মনে করেন মোজেনা। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের বিশাল রাজনৈতিক অস্তিত্বকে আলাদা করে দেখার ওপর জোর দিয়েছেন।

তবে সবচেয়ে বড় কথা হলো, শেখ হাসিনাকে ঘিরে ভারতে যে দীর্ঘমেয়াদি অবস্থান তৈরি হয়েছে এবং সেখান থেকে তাঁর বিভিন্ন রাজনৈতিক বার্তা কিংবা দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, সেটিকে মোজেনা অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বলে মনে করেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, শেখ হাসিনা এখন আর কোনো কিছুর প্রধানমন্ত্রী নন। তাঁকে নিয়ে অযথা ব্যস্ত না থেকে এসব উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার কাজে মনোযোগ দেওয়া উচিত।

ড্যান মোজেনার এই বক্তব্যের পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক ও কূটনৈতিক অভিজ্ঞতা। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মোজেনা সম্ভবত বাংলাদেশের ভূরাজনীতিতে সবচেয়ে বেশি নিগৃহীত ও অবহেলিত বিদেশি কূটনীতিকদের একজন ছিলেন।

তৎকালীন স্বৈরাচারী সরকার তাঁকে বারবার কোণঠাসা করার চেষ্টা করেছিল। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বহুবার সাক্ষাতের আবেদন করা সত্ত্বেও তাঁকে সাক্ষাৎ দিতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী নেতা ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম তাঁকে অত্যন্ত অবমাননাকর ভাষায় ‘কাজের মেয়ে মর্জিনা’ বলে কটাক্ষ করতেও দ্বিধা করেননি।

স্মরণ করা যেতে পারে, ২০১৪ সালের একতরফা ও ভোটারবিহীন নির্বাচনের প্রাক্কালে ড্যান মোজেনা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সে সময় তিনি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকেননি; বরং ভারতে একাধিক সফর করে নয়াদিল্লিকে বুঝিয়েছিলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।

কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার—উভয় পক্ষই সেই সতর্কবার্তাকে পাত্তা দেয়নি। বরং মোজেনাকে তাচ্ছিল্য করা হয়েছে এবং তাঁর কূটনৈতিক প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা হয়েছে।

পাশাপাশি, ড্যান মোজেনা ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জেলা সফর করা রাষ্ট্রদূত। বাংলাদেশের মানুষ, সমাজ, সংস্কৃতি, গ্রামীণ অর্থনীতি এবং মানুষের মনস্তত্ত্বকে তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন।

আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে সাধারণ মানুষের ওপর যে গভীর ক্ষোভ, নির্যাতন ও তিক্ততার সৃষ্টি হয়েছে, তা সহজে ভোলার নয়, তখন তাঁর সেই উপলব্ধির পেছনে রয়েছে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার শক্ত ভিত্তি। কিন্তু তা সত্ত্বেও সেই ব্যক্তিগত ক্ষোভ বা অতীতের তিক্ততা যেন বর্তমানের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে ছায়া ফেলতে না পারে, সেটিই মোজেনার সবচেয়ে বড় কূটনৈতিক পরামর্শ।

এ কথা অস্বীকার করার কোনো অবকাশ নেই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য ঘাটতি ও অশুল্ক বাধা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অভিবাসনসংক্রান্ত জটিলতা বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়।

বিশেষ করে তিস্তার পানিবণ্টন চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। অন্যদিকে, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। ফলে চুক্তিটির নবায়ন ও ভবিষ্যৎ পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে কার্যকর আলোচনা অত্যন্ত জরুরি। ভারতের লোকসভায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেওয়া সরকারি উত্তরে জানানো হয়েছিল, চুক্তিটির নবায়ন নিয়ে তখনো দুই দেশের আলোচনা শুরু হয়নি।

অর্থাৎ, বাংলাদেশের সামনে এখন কেবল অতীতের রাজনৈতিক হিসাব-নিকাশ নয়, বরং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার প্রশ্নও রয়েছে। পানির প্রশ্নটি শুধু কূটনৈতিক আলোচনার বিষয় নয়; এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ, জীববৈচিত্র্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত। একইভাবে সীমান্তে প্রাণহানি বন্ধ করা, বাণিজ্যে সমান সুযোগ নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও পরিবহনব্যবস্থার উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর রাখার অর্থ ভারতের সব নীতির সঙ্গে একমত হওয়া নয়। বন্ধুত্বের অর্থ নীরব থাকা নয়, আবার মতপার্থক্যের অর্থ সম্পর্ক ছিন্ন করাও নয়।

প্রকৃত বন্ধুত্বের ভিত্তি হতে হয় পারস্পরিক শ্রদ্ধা, সমমর্যাদা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং ন্যায্য স্বার্থের স্বীকৃতি। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু সেই সম্পর্ক অবশ্যই হতে হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে আপস না করেও ভারতের সঙ্গে কার্যকর সহযোগিতা বজায় রাখা সম্ভব—বরং একটি পরিণত কূটনীতির পরিচয়ই হচ্ছে সেটি।

মোজেনার এই বক্তব্যের গভীর অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে হলে আমাদের তাকাতে হবে দেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির দিকে। সম্প্রতি গুলশানের এক স্বনামধন্য ব্যবসায়ী, যিনি বংশপরম্পরায় তৈরি পোশাক ও টেক্সটাইল ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁর সঙ্গে আলাপকালে যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

ওই ব্যবসায়ী জানান, সরকার যখন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে প্রায় দুইশ ব্যবসায়ীকে চিহ্নিত করে তাঁদের ব্যাংক হিসাব জব্দের ঘোষণা দিল, তখন বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও ক্রেতারা—যেমন ওয়ালমার্ট বা এইচঅ্যান্ডএম—উদ্বেগ প্রকাশ করে ফোন করতে শুরু করেন। তাঁরা জানতে চেয়েছেন, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ ঠিক আছে কি না কিংবা ওই তালিকার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না।

গ্লোবালাইজেশনের এই যুগে তথ্যপ্রযুক্তির কল্যাণে দেশের অভ্যন্তরের যেকোনো ছোট ঘটনা বা সিদ্ধান্তের প্রভাব মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রাথমিক ধাক্কায় পোশাক খাতের প্রায় ৫০ শতাংশ অর্ডার হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল, যা পরবর্তীতে অত্যন্ত পরিশ্রম ও কূটনৈতিক দক্ষতায় পুনরুদ্ধার করা সম্ভব হয়।

সবচেয়ে বড় কথা হলো,বর্তমান সরকারের বয়স মাত্র নয় মাস। এই ক্রান্তিলগ্নে যদি রাজনৈতিক অস্থিরতা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও এবং ডিসেম্বরের বিভিন্ন রাজনৈতিক গুঞ্জনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেই থাকে, তবে তা বাংলাদেশের অর্থনীতিকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।

আজকের দিনে নতুন বিনিয়োগকারীরা চরম আস্থার সংকটে ভুগছেন। রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা ছাড়া কোনো উদ্যোক্তা নতুন বিনিয়োগে সাহস পান না। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান তৈরি হবে না, আর কর্মসংস্থান না বাড়লে অর্থনীতির এই ভগ্নদশা থেকে উত্তরণ অসম্ভব।

ড্যান মোজেনার কথার গভীরতা এখানেই—তিনি বুঝতে পেরেছেন যে ভারতকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং শেখ হাসিনাকে ঘিরে সৃষ্ট কৃত্রিম উত্তেজনার বলি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ও সামগ্রিক স্থিতিশীলতা।

এখানে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের প্রসঙ্গটি বিশেষভাবে প্রাসঙ্গিক। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান এবং শিল্পায়নে এই খাতের অবদান অপরিসীম। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান এবং মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এই শিল্পের সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশের পোশাকশিল্প এমনিতেই আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি। চীন, ভিয়েতনাম, ভারতসহ বিভিন্ন দেশ এই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, শ্রমিকদের ন্যায্য মজুরি, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের মূল্যচাপ—সব মিলিয়ে আমাদের শিল্প উদ্যোক্তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

এর মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হবে। ফলে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।

আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। বিশেষ করে সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলার ফলে হাজার হাজার বাংলাদেশি ইতোমধ্যে আটকা পড়েছেন। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের ভবিষ্যৎ এবং স্বাভাবিক আয়-রোজগার নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ফলে সামগ্রিক বিশ্ব পরিস্থিতি এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই সরকারকে পররাষ্ট্রনীতি ও ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে হবে। এর কোনো বিকল্প নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পররাষ্ট্রনীতির মূল ভিত্তি সর্বদা একটি স্বাধীন ও সার্বভৌম কূটনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বে তারেক রহমান—সবার মধ্যেই এই সার্বভৌমত্বের নীতি প্রতিফলিত হয়েছে।

তিন দিক থেকে ভারতবেষ্টিত ১৮ কোটি মানুষের এই বাংলাদেশে সীমান্ত হত্যা, ন্যায্য পানির হিস্যা, বাণিজ্যবৈষম্য এবং অভিবাসনের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো বাস্তবতা হিসেবে বিদ্যমান। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলেও ভারতের সঙ্গে এই সমস্যাগুলো ছিল। কিন্তু পারস্পরিক সমমর্যাদা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস না করেও একটি স্বাভাবিক ও কর্মমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়েছিল।

বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর বা ভারত সফরকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে অতীতের জমে থাকা আস্থাহীনতা এবং কিছু স্বার্থান্বেষী মহলের কূটচাল।

মোজেনা স্পষ্ট করে বলেছেন, একজন প্রকৃত নেতার দায়িত্ব হলো দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দেওয়া। সীমান্ত, বাণিজ্য, পানিবণ্টন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তার মতো অমীমাংসিত বিষয়গুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই যতই জটিলতা থাকুক না কেন, আলোচনার মাধ্যমেই উত্তরণের পথ খুঁজতে হবে।

আমি মনে করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কার স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে সময়োপযোগী পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিবেশীসহ বিশ্বের সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার। কারণ, বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, কিন্তু সেই সম্পর্ক কোনো আনুগত্যের সম্পর্ক নয়; হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের সম্পর্ক।
রাষ্ট্রের সম্পর্ক আবেগ দিয়ে শুরু হতে পারে, কিন্তু তা টিকিয়ে রাখতে হয় বাস্তবতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায় ছিলেন, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কোনো একজন ব্যক্তির রাজনৈতিক ভাগ্যের কাছে জিম্মি থাকতে পারে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাংলাদেশের জনগণের ইচ্ছা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক অগ্রগতি এবং স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। ড্যান মোজেনার সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে বড় তাৎপর্য সম্ভবত এখানেই। সুতরাং ড্যান মোজেনার এই সময়োপযোগী বার্তা আমাদের নীতিনির্ধারকদের জন্য এক বড় উপলব্ধির খোরাক জোগাবে—এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন এবং সহিহ বুঝ নসিব করুন।

লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল: ahabibhme@gmail.com

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin