শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের সাম্প্রতিক শর্ত ও কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন করে যে বিতর্কের সূচনা হয়েছে, তা কেবল একটি সাধারণ কূটনৈতিক বিষয় নয়; বরং এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের শামিল। সম্প্রতি বিবিসি বাংলার একটি বিশেষ প্রতিবেদনে ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাতে যে তথ্যগুলো উঠে এসেছে, তা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে নয়াদিল্লি এখনো তার চিরাচরিত ‘আধিপত্যবাদী’ ও ‘দাদাগিরি’র মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার বাংলাদেশের সামরিক বিমানে অথবা দুই দেশের সম্মত কোনো স্থলসীমান্ত পথে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চাইলেও এর পেছনে দুটি প্রধান শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হলো—শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া এবং দেশে ফেরার পর তাঁর সার্বিক সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে; পাশাপাশি বাংলাদেশের আদালতে ইতিপূর্বে ঘোষিত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁকে আপিলের সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যার অভিযোগে তাঁর বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। এ ছাড়া পুরো বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে পরিচালিত হোক, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো।
ভারতের এই শর্তগুলো শুনলে মনে হয়, বাংলাদেশ যেন দিল্লির কোনো অঙ্গরাজ্য বা আশ্রিত ভূখণ্ড, আর তারা যেন আমাদের অভিভাবক! একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আদালতের রায় কীভাবে কার্যকর হবে, একজন পতিত ও পলাতক স্বৈরাচারীর বিচারপ্রক্রিয়া কীভাবে চলবে কিংবা তাঁর নিরাপত্তা কী হবে—সেই সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র এখতিয়ার কেবল বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমাদের স্বাধীন বিচারব্যবস্থার। এসব বিষয়ে দিল্লি তথা ভারতের নাক গলানোর ন্যূনতম কোনো সুযোগ বা অধিকার নেই।
ভারতীয় নীতিনির্ধারকদের দেওয়া প্রথম শর্তটির দিকে তাকালে বিস্মিত হতে হয়, যেখানে তারা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া থেকে শুরু করে দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। প্রশ্ন হলো, একটি স্বাধীন দেশের সেনাবাহিনী কোন দায়িত্ব পালন করবে, আমাদের সেনাবাহিনী কার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে—সেই সিদ্ধান্ত কি ভারত দেবে? নিঃসন্দেহে না। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার, দেশপ্রেমিক ও সার্বভৌম বাহিনীর প্রতীক এবং তারা কেবল বাংলাদেশ সরকারের নির্দেশনা ও রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে গিয়েছিলেন—এই অজুহাতে তাঁর প্রত্যাবর্তন ও পরবর্তী নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা মূলত একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল। এর মাধ্যমে দিল্লি বাংলাদেশের বেসামরিক প্রশাসন ও বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি সমঝোতার একটি আবহ তৈরি করতে চাইছে। বিবিসির প্রতিবেদনে অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অঘোষিত দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠকের বিষয়টিও সামনে আনা হয়েছে। এমনকি ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের পূর্বের বক্তব্যের সূত্র ধরে দুই দেশের সামরিক বাহিনীর নিয়মিত যোগাযোগকে হাসিনার প্রত্যাবর্তনের কাজে লাগানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু দিল্লির মনে রাখা উচিত, বর্তমান বাংলাদেশের বাস্তবতায় কোনো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে না।
ভারতের দ্বিতীয় শর্তটি আরও বেশি আপত্তিকর এবং বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দিল্লি বলছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরু করতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে, তারা কখনোই জেনেশুনে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারেন না; বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইবেন।
এটি এক অদ্ভুত দ্বিচারিতা! যে দেশের সরকার বিগত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, আয়নাঘরের নির্মমতা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে শত শত নিরপরাধ ছাত্র-জনতাকে হত্যার নীরব সমর্থক ছিল, সেই দেশ আজ আমাদের ‘সুষ্ঠু বিচার’-এর সবক দিচ্ছে। বাংলাদেশের আদালত দেশের প্রচলিত আইন ও তথ্য-প্রমাণের ভিত্তিতে একজন গণহত্যাকারীর বিরুদ্ধে রায় দিয়েছেন। সেই রায় বাতিল করে নতুন করে বিচার শুরু করার শর্ত দেওয়া মানে হলো বাংলাদেশের বিচার বিভাগকে অকার্যকর ও পক্ষপাতদুষ্ট হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করার অপচেষ্টা, যা স্পষ্টতই দিল্লির ‘মামা বাড়ির আবদার’ ছাড়া আর কিছুই নয়।
এখানে আমি দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে, দিল্লির এসব অযাচিত, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য শর্তের আড়ালে লুকিয়ে আছে তাদের ‘চাণক্য কূটনীতি’র জঘন্য হিসাব। গভীরভাবে পর্যবেক্ষণ করলে এটা বুঝতে বাকি থাকে না যে ভারত কার্যত শেখ হাসিনাকে ফেরত দিতেই চায় না। কারণ, তারা যদি সত্যিই তাঁকে ফেরত দিতে চাইত, তবে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করত; এমন সব অবাস্তব ও সার্বভৌমত্ববিরোধী শর্ত জুড়ে দিত না।
২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধটি গত প্রায় দুই বছর ধরে ঝুলিয়ে রেখে এখন নতুন করে শর্তের জাল বোনা হচ্ছে কেবল সময়ক্ষেপণের কৌশল হিসেবে। আমি একাধিকবার আমার বিভিন্ন কলামে সুস্পষ্টভাবে বলেছি যে ভারত শেখ হাসিনাকে কিছুতেই হাতছাড়া করবে না। কারণ, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অর্থই হলো বিগত সাড়ে পনেরো বছরের অনেক গোপন দ্বিপাক্ষিক চুক্তি, অনৈতিক সমঝোতা এবং পর্দার আড়ালের অনেক অন্ধকার হিসাব-নিকাশ জনসমক্ষে প্রকাশ হয়ে পড়া। বাংলাদেশের ভেতরে ভারতের গোয়েন্দা তৎপরতা, অর্থনৈতিক লুণ্ঠন এবং রাজনৈতিক হস্তক্ষেপের যে বিশাল জাল বিস্তার করা হয়েছিল, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হলে তার সবকিছুই উন্মোচিত হয়ে যাবে। এতে করে ভারত তথা শেখ হাসিনার প্রকৃত মুখোশ দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সম্পূর্ণরূপে খোলাসা হয়ে পড়বে, যা নয়াদিল্লি কখনোই চাইবে না।
কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন এবং তখন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। আমি একবার নয়, দুইবার নয়—বহুবার আমার কলামে এই বিষয়টি তুলে ধরেছি যে শেখ হাসিনার এই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি ভারতের একটি সুপরিকল্পিত রাজনৈতিক খেলা এবং দিল্লির পরামর্শেই শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন।
বিবিসি বাংলার সর্বশেষ প্রতিবেদনে আমার সেই দীর্ঘদিনের বিশ্লেষণ ও আশঙ্কাই শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হলো। বিবিসি স্পষ্টভাবে জানিয়েছে, ভারতে আশ্রয় পাওয়া বিদেশি নাগরিকদের সঙ্গে দেশটির সরকার নিয়মিত ব্রিফিং বা অবহিতকরণ বৈঠক করে এবং ভারত সরকারের প্রচ্ছন্ন সম্মতি ও দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার পরই হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ, আমার রাজনৈতিক বিশ্লেষণের তথ্যই আজ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রতিধ্বনিত হলো মাত্র।
তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন দণ্ডিত স্বৈরাচারীকে আশ্রয় দেওয়ার প্রশ্নে ক্রমাগত চাপে পড়ে ভারত এখন নতুন ছক কষছে। একদিকে তারা বিশ্বকে দেখাতে চাইছে যে তারা হাসিনাকে ফেরত পাঠাতে আগ্রহী, অন্যদিকে এমন সব শর্ত আরোপ করছে, যা কোনো আত্মমর্যাদাশীল সরকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে পতিত আওয়ামী লীগকে পুনর্গঠিত করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনাও দিল্লির নীতিনির্ধারকদের মাথায় কাজ করছে বলে প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে।
বস্তুতপক্ষে ভারত একদিকে অবাঞ্ছিত শর্তারোপের মাধ্যমে সময়ক্ষেপণ করছে, অন্যদিকে পলাতক শেখ হাসিনাকে দিয়ে উসকানিমূলক বক্তব্য ও দেশে ফেরার ঘোষণা দেওয়ানোর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন ব্যাহত করার পথ বেছে নিয়েছে।
পরিশেষে বলতে চাই,নয়াদিল্লির নীতিনির্ধারকদের এই সত্যটি অনুধাবন করা জরুরি যে ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে আর কোনো আধিপত্যবাদী আবদার চলবে না। প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিচারব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। কোনো ধরনের শর্ত বা অজুহাত ছাড়াই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করাই হবে দিল্লির জন্য একমাত্র সম্মানজনক ও বাস্তবসম্মত পথ; এর ব্যত্যয় ঘটলে দুই দেশের সম্পর্কের যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা কখনোই কাটবে না। মহান আল্লাহ সুবহানা তায়ালা আমাদের সহায় হোন।
লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল:ahabibhme@gmail.com