দেশের পুঁজিবাজারে গত এক সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও বেড়েছে সূচক ও লেনদেন। ফলে বাজার মূলধনে ইতিবাচক প্রভাব পড়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ৯৬ কোটি ৪৮ লাখ টাকা।
তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকা এবং সিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৫৩ হাজার ৮২৯ কোটি ৫৫ লাখ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে মূলধন ছিল ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি ২৩ লাখ ৭১ হাজার টাকা এবং সিএসইতে ছিল ৩ লাখ ৪৪ হাজার ৫৮০ কোটি ৩৯ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮ হাজার ৮৪৭ কোটি ৩২ লাখ ৮ হাজার টাকা এবং সিএসইতে ৯ হাজার ২৪৯ কোটি ১৬ লাখ টাকা বাজার মূলধন বেড়েছে । অর্থাৎ মোট বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ৯৬ কোটি ৪৮ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৬২৩ কোটি ৭৫ লাখ ৯৮১ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৫৯ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৪১৪ টাকার। সপ্তাহের ব্যবধানে লেনদেন ১ হাজার ৯৬৩ কোটি ৯২ লাখ ৮ হাজার ৫৬৭ টাকা বা ৫৩.৬৬ শতাংশ বেশি হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১০.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮.৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭৮.১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৬.৭৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৬৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১০৯টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ২৩২ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৭৯ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২১৩ কোটি ৫২ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৮৮ লাখ ১২ হাজার ৭৩৯ টাকা বা ৮.৮৪ শতাংশ।
গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৯.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮৯.৩০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯৮.৯৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬.৫৪ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৩৯.০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৯.১৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গত সপ্তাহে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১০৪টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়র দর।




