আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চলমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই:  আবু হেনা

 

 

বিদ্যমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবু হেনা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাবেক সিইসি আবু হেনার সঙ্গে মতবিনিময় করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন ব্যবস্থার সংস্কার করা প্রয়োজন আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমার ব্যক্তিগত মত হচ্ছে, নির্বাচন পদ্ধতির পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।’

আবু হেনা বলেন, এখানে আমাদের ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ সিস্টেম রয়েছে। এ সিস্টেমই কার্যকর হতে পারে, মানুষের এ সিস্টেমের সঙ্গে পরিচয় রয়েছে। আমরা মনে করি না, নতুন কোনো সিস্টেমের (প্রয়োজন রয়েছে)।

সম্প্রতি বিদ্যমান নির্বাচন পদ্ধতির পরিবর্তনে সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করার বিষয়টি আলোচনায় এসেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু আছে, সেসব দেশ যে ভালোভাবে চলছে, তা কিন্তু নয়। নেপাল, ইসরায়েল—এসব দেশে ভালো চলছে না। দেশে বর্তমান যে নির্বাচন পদ্ধতি, সেটার সঙ্গে মানুষ পরিচিত। এই পদ্ধতিকে কার্যকর করে তোলা দরকার।

১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা আবু হেনা বলেন, আইন কার্যকর করা না হলে যত সংস্কার বা ভালো আইন করা হোক, তা অর্থবহ হয় না। নির্বাচনের সফলতা নির্ভর করে নির্বাচনী আইন প্রয়োগের ওপর। এটি খুব গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনে যোগ্য মানুষ দরকার। তারা যদি যোগ্য না হন, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা থাকে বলে উল্লেখ করেন তিনি।

আবু হেনা বলেন, নির্বাচনে প্রার্থী মনোনয়ন আরও সুষ্ঠুভাবে হওয়া দরকার। ওপর থেকে আরোপ নয়, প্রার্থীর মনোনয়ন নিচ থেকে আসতে হবে। স্থানীয়ভাবে ভোটের মাধ্যমে প্রাথমিক নির্বাচনের মতো করে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া দরকার।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রয়োজন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে, নাকি বর্তমান পদ্ধতিতে চলবে, তা রাজনৈতিক দলগুলো ঠিক করবে। এটি রাজনৈতিকভাবে ঠিক করলেই ভালো।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin