আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাসপোর্টের জন্য ঘরে বসেই আঙুলের ছাপ দেন সাবেক স্পিকার

 

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় সংসদের পদত্যাগী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আর সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার অন্যান্য এমপি-মন্ত্রীদের সঙ্গে তার লাল পাসপোর্টও বাতিল করে। পরে তিনি গত ৩ অক্টোবর সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। আর ১০ অক্টোবর পাসপোর্টের জন্য তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেন। আর তা দিয়েছেন নিজের ঘরে বসেই। তিনি একাই নন, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

জানা যায়, গত ৩ অক্টোবর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনসহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্ট পেতে আবেদন করেন শিরীন শারমিন। গত ১০ অক্টোবর তাদের আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল, যা তারা ঘরে বসেই দিয়েছেন।

এদিকে, ই-পাসপোর্ট আবেদনের নিয়মাবলিতে বলা আছে, সবকিছু ঘরে বসে করতে পারলেও নির্ধারিত তারিখে আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে। শুধু অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা পাসপোর্ট অফিসের বিশেষ সেবা মোবাইল টিমের মাধ্যমে ঘরে বসে বা হাসপাতালে থেকে এ সুবিধা নিতে পারবেন। যদিও আবেদন করার পর আঙুলের ছাপ ও চোখের আইরিশ দেওয়ার প্রক্রিয়া শেষ হলেও, গতকাল সোমবার (৪ নভেম্বর) পর্যন্ত শিরীন দম্পতির পাসপোর্ট প্রস্তুত হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি সাবেক স্পিকার শিরীন শারমিন। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন তিনি। এরই মধ্যে তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।

শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন করার বিষয়টি সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিক পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এ এই অধিকার দেওয়া আছে। এ ক্ষেত্রে আমাদের আসলে কিছু করার নেই।’

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin