রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মাসুদুর রহমান (৪৭)। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।
এর আগে গতকাল এ ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁদের কাছ থেকে ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাঁদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট, আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।




