আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক এসবি প্রধান মনিরুল পালিয়ে ভারতে অবস্থান করছেন

 

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামকে ভারতের নয়াদিল্লিতে দেখা গেছে বলে দাবি করেছেন প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রবিবার রাতে ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুকে জুলকারনাইন সায়ের দাবি করেন, মনিরুল ইসলামকে ভারতের নয়াদিল্লির একটি গ্রোসারি সুপারশপে দেখা গেছে। পোস্টে জুলকারনাইন লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি দেশেই ছিলেন, দেশেই আছেন। ভবিষ্যতে দেশেই থাকবেন।

মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১২টির বেশি হত্যা ও হত্যাচেষ্টা মামলা হয়েছে। গত ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সদ্য সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

পুলিশের বিশেষ শাখার সাবেক এই প্রধানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয়ের জন্য গত ৩ আগস্ট শেখ হাসিনার সরকারের কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়ে নিজের কক্ষে রাখার অভিযোগ রয়েছে। কিন্তু সেই টাকা বিতরণের আগেই ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওইদিন থেকে আর অফিসে যাননি মনিরুল। কিন্তু তার কক্ষে ২৫ কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। পরে সেই টাকা এসবির কয়েকজন কর্মকর্তা নিজেদের কাছে নিয়ে নেন।

২৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা তদন্তে পুলিশ সদরদপ্তর থেকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি গোলাম কিবরিয়ার নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল মনিরুল ইসলামকে। ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মনিরুল। গোয়েন্দা শাখায় ৯ বছর ও বিশেষ শাখায় দুই বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ ছাড়া সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা ছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে মনিরুল বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেন।

এদিকে গত ৭ সেপ্টেম্বর মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব।

 

 

 

 

বিসিএস ১৫ ব্যাচের পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তিনি হাসিনা সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত ছিলেন। গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি কয়েক ডজন মামলার আসামি। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin