বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেন, তারা (ভারতীয় হাইকমিশনার) বলেছেন যে, তারা এই বিষয়গুলোতে সজাগ, তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক, সেটা দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কি করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি নিয়ে আসা যায়– সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক– সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথা বলেছি– সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে, সেটা নিয়েও কথা বলেছি।
ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে উপ–হাইকমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শামা ওবায়েদ।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||




