আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মামলা প্রত্যাহারে সরকারকে চিঠি দেবে বিএনপি

বিএনপি ও বিরোধীদলীয় সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি এবং বানোয়াট মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সোমবার দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধীদলীয় সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী সপ্তাহের এই সময়ের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটিগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।

বলা হয়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ কমিটির কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বৈঠকে উপস্থাপন করেন। এটা অনুমোদন করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়। এবিষয়গুলোর উপরে গঠিত কমিটিগুলোকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin