আজ শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুই সেলফিতে রাজনীতির সব ‘ফয়সালা’ হয়ে গেছে: ওবায়দুল কাদের

এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির সব ‘ফয়সালা’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর মতে, দুই সেলফিতে বিএনপির রাতের ঘুম শেষ।

শনিবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। চিকিৎসার জন্য ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফেরেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া আওয়ামী লীগ করে না। তিনি বলেন, ‘ভিসা নীতি ও নিষেধাজ্ঞা কেন? এটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। আমরা অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। এটা আমাদের ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জাতির সামনে অঙ্গীকার করেছেন। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করব।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে, তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে। নিষেধাজ্ঞা ও ভিসা নীতি হলে ক্ষতিটা তাদের। কারণ, তারা নির্বাচনে বাধা দেবে। বাধা দিতে এলে তখন আমরা দেখব ভিসা নীতি বাস্তবায়নের বাস্তবতাটা।’

উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য রয়েছেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin