‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।’ আজ বসন্তের প্রথম দিন। একইসঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের রং আর ভালোবাসায় একাকার হওয়ার দিন।
আজ পহেলা ফাল্গুন। পুরনো দিনের জরাজীর্ণতাকে ছুড়ে ফেলে নতুনত্বকে আলিঙ্গনের দিন। চারুকলায় সমস্বরে সবাই গেয়ে উঠবে কবিগুরুর সেই অমর সংগীত- ‘ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ।’ কিংবা নজরুলের গানে গানে আহ্বান থাকবে যেন নতুন রূপ নিয়ে বসন্তর আগমন ঘটে- ‘আসে বসন্ত ফুলবনে/ সাজে বনভূমি সুন্দরী/ চরণে পায়েলা রুমুঝুমু/ মধপ উঠেছে গুঞ্জুরি।’ বসন্ত ও ভালোবাসা দিবসে সবচেয়ে বর্ণিল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সকাল থেকে চারুকলায় ঢল নামবে সহস্র তরুণ-তরুণীর। আবালবৃদ্ধবনিতা বাদ যাবে না কেউ। হলুদ-লাল পোশাকে প্রিয়জনকে নিয়ে হাজির থাকবে সকলে। আর ফুটিয়ে তুলবে বাঙালি সংস্কৃতির বর্ণিল আয়োজন। বরাবরের মতো এবারো ফাগুন ও ভালোবাসা দিবসের সঙ্গে বিশেষ মাত্রা যোগ করছে অমর একুশে বইমেলা।
বাংলার বিস্তীর্ণ প্রান্তরে আজ পহেলা ফাগুনের দিনে হবে ভালোবাসার জয়গান। হৃদয়ে হৃদয় আর হাতে হাত রেখে আজ যুগলরা একে অপরকে ভালোবাসার উষ্ণ আলিঙ্গন জানিয়ে বলবে ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’।সোমবার থেকেই রাজধানীসহ দেশের নানা জায়গায় শুরু হয়েছে বসন্তের আবহ। বিশেষ করে কিশোর-কিশোরী আর তরুণ-তরুণীরা বসন্তের সাজে রাঙাতে শুরু করেছে রাজপথ। আজ হবে প্রকৃত অর্থেই পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইনস ডের উদযাপন। রাজধানীসহ সারা দেশ মেতে উঠবে ফাল্গুনী আমেজে। তরুণীরা বাসন্তী রঙের শাড়িতে খোঁপায় হলুদ গাঁদা আর মাথায় ফুলের টায়রার সুষমায় সাজাবে নিজেদের। তাদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণরাও ধরা দেবে হলুদ পাঞ্জাবিসমেত একরাশ ফাল্গুনী সাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান-সর্বত্রই তারুণ্যের জোয়ারে ভাসবে। ঢাকার বাইরে জেলা শহর ও নানা জায়গায় বিশেষ করে ক্যাম্পাস ও বিনোদনকেন্দ্রগুলো থাকবে তরুণদের দখলে। বসন্ত আর ভালোবাসার দিনটিকে বরণ করে নিতে ফুলের দোকান আর মার্কেটের শাড়ি-পাঞ্জাবির দোকানগুলোয় কয়েকদিন ধরেই বেশ ভিড়।দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের শুভেচ্ছায় সিক্ত হবে। ফুল, চকলেট বিনিময়ের পাশাপাশি কবিতা ও ছন্দমিশ্রিত খুদে বার্তায় ভরে যাবে মোবাইল ফোনের ইনবক্স। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে যাবে পরানের গহিনের উষ্ণতা। চলছে অমর একুশে বইমেলা ২০২৩। আজকের বসন্ত ও ভালোবাসার দিনে তারুণ্যের জোয়ার থাকবে বইমেলার পুরো সময়।প্রতিবছরের মতো এবারও জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিদের উদ্যোগে পহেলা বসন্ত উদযাপিত হবে। আয়োজনটি শুরু হবে সকাল ৭টায়। পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন শুরু হবে বেঙ্গল পরম্পরা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চাঙ্গ সংগীত পরিবেশনায়। প্রাণ-প্রকৃতি নিয়ে গান, কবিতা ও নৃত্যের সঙ্গে থাকবে সাঁওতাল, মারমা ও গারো সম্প্রদায়ের নৃত্য পরিবেশনা। চারুকলা অনুষদে বিকাল ৩টায় শুরু হবে বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব। গান, কবিতা ও নাচের আয়োজনটি চলবে রাত ৯টা পর্যন্ত। এছাড়া সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় থাকছে একক ও সমবেত সংগীত, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও শিশু-কিশোরদের পরিবেশনা।