আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নেপাল নিচ্ছে ইউরিয়া সার, রপ্তানি চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপাল সরকারকে সহায়তার লক্ষ্যে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার রপ্তানির জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও নেপালের কেএসসিএল’র মধ‌্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ে বিসিআইসি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিন উল আহসান এবং কেএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক নেত্রা বাহাদুর ভান্ডারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শিল্প সচিব কে এম আলী আজম ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্রসহ শিল্প মন্ত্রণালয়, বিসিআইসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও নেপাল সরকারের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এবং কেএসসিএল’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্প সচিব কে এম আলী আজম বলেন, ‘নেপালের জনগণের প্রয়োজনীয়তা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহায়তার নির্দেশনা দেন। বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণে সার আমদানি করলেও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ নেপালের জরুরি প্রয়োজনে বাংলাদেশ সার রপ্তানির চুক্তি করে বন্ধুত্বের হাত সম্প্রসারিত করেছে।’

বাংলাদেশ নেপালের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়, উল্লেখ করে শিল্প সচিব বলেন, ‘সার সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার যে নতুন মাত্রা যুক্ত হয়েছে, তাতে উভয় দেশ উপকৃত হবে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র সহযোগিতার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নেপাল ও বাংলাদেশকে সত্যিকারের বন্ধু উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেপাল বাংলাদেশকে সহযোগিতা করেছিল, আবার নেপালের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সব সময় পাশে দাঁড়িয়েছে। দুই দেশের এ সম্পর্ককে জনগণের কল্যাণে কাজে লাগানোর সময় এসেছে।’

উল্লেখ্য, নেপালকে সার সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ এ চুক্তি হয়। চুক্তির আওতায় ৫০ হাজার মেট্রিক টন সার কাফকো থেকে কিনে নেপালে রপ্তানি করা হবে। নেপাল ১ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে (প্রায় ১০৯ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮১২ টাকা) এসব সার কিনছে। সার সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কৃষিক্ষেত্রে নেপাল-বাংলাদেশের সহযোগিতার নতুন অধ্যায় রচিত হলো। নেপালের সঙ্গে আলোচনাধীন পিটিএ স্বাক্ষর হলে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বেগবান হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin