আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘ভুয়া সাংবাদিক শনাক্তে সাংবাদিকদেরই দায়িত্ব নিতে হবে’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভুয়া সাংবাদিক শনাক্ত করতে সাংবাদিকদেরই দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এ কাজে সরকার সব সময় সহযোগিতা করতে প্রস্তুত আছে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ‌্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সব সময় সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই, সমালোচনা করবেন, কিন্তু ভালো কাজের প্রশংসাও করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা সাংবাদিক পরিচয়ে নানা অপকর্ম করছে, তাদের শনাক্ত করতে হবে। এদের জন্য সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে। আইনজীবীরা যেমন ভুয়া আইনজীবী খুঁজে বের করেন, সাংবাদিক সংগঠনগুলোকেও ভুয়া সাংবাদিক খুঁজে বের করতে হবে। এর জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয়, তখন অনেকেই সেটি নিয়ে হাসাহাসি করেছিলেন। সাড়ে ১১ বছর পর আজ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচুর মানুষ বৈদেশিক মুদ্রা আয় করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংকের ডিজিএম শফিকুর রহমান। ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin