আজ শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিমানের বহরে যুক্ত হচ্ছে ‘ধ্রুবতারা’, নাম দিয়েছেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২৪ নভেম্বর যুক্ত হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াবে।

বিমান জানায়, কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন এ ড্যাশে আসন সংখ্যা ৭৪। পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে। যা যাত্রীদের যাত্রাকে করে তোলে অধিক সতেজ ও নিরাপদ।

এছাড়া এ উড়োজাহাজে বেশি লেগস্পেস (পা রাখার জায়গায়), এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটিসহ বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৯। এর মধ্যে ১৪টি নিজস্ব এবং ৫টি লিজ নেয়া। নিজস্ব ১৪টির মধ্যে বোয়িং৭৭৭-৩০০ ইআর ৪টি, বোয়িং ৭৮৭-৮ ৪টি, বোয়িং ৭৮৭-৯ ২টি, বোয়িং ৭৩৭ ২টি এবং ড্যাশ-৮ ২টি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin