আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিক্ষাব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই: শিক্ষামন্ত্রী

গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমরা শিক্ষাব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই।’

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ রাসেল জিমনেসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আধুনিক শ্রম বাজারে ধীরে ধীরে প্রতিযোগিতা বাড়ছে। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এই কাজগুলোর জন্য গতানুগতিক চিন্তা শিক্ষাব্যবস্থায় হবে না। সব জায়গায় আমাদের একটু ‘‘আউট অব বক্স’’ চিন্তা করতে হবে।’

দেশে শুধু পরীক্ষার মাধ‌্যমে সনদ দেওয়া হচ্ছে মন্তব‌্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমনিতেই আমাদের শিক্ষাব্যবস্থা অনেকটা পরীক্ষানির্ভর ও সনদ সর্বস্ব। আনন্দহীনও। এই অবস্থা প্রাক-প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত।’ এ সময় শিক্ষাব্যবস্থার ত্রুটি খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বে টিকে থাকার একমাত্র মানদণ্ড যোগ্যতা। সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান, তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ মানবসম্পদ করে গড়ে তুলতে হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে। শুধু উদ্ভাবন করলেই হবে না, যেন এর সঠিক প্রয়োগ হয়, তাও দেখতে হবে।’

যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. নাসিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব‌্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরিচালক (শরীর চর্চা শিক্ষা দপ্তর) ড. মোহাম্মদ তোফায়েল আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেনসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যবিপ্রবির বিভিন্ন গবেষণাগার, ভবন ও নির্মাণকাজ পরিদর্শন করেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই জিমনেসিয়াম নির্মাণ করা হয়।

এর আগে শিক্ষামন্ত্রী যবিপ্রবির প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিক্যাল সেন্টারের সামনে একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ রোপণ ও শেখ রাসেল জিমনেসিয়ামের উদ্বোধন করেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin