জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যাসন্ন অধিবেশনে যোগ দিতে কাল নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৫ই আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ও পলায়নের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। পেশাদার কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রতি-বিপ্লবের অপচেষ্টা রোধসহ অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে আপদকালীন সরকার। সেই সময়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশন তথা বিশ্ব নেতাদের মিলনমেলায় অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও দফায় দফায় শিডিউল পরিবর্তন করার কারণে সফরটি হচ্ছে কি-না? তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। কিন্তু না, দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, একটি ছোট্ট ডেলিগেশন নিয়ে প্রধান উপদেষ্টা ২৩শে সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক পৌঁছাচ্ছেন।
২৪শে সেপ্টেম্বর জাতিসংঘ ভবনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এজন্য পূর্ব প্রস্তাবিত ২৪শে সেপ্টেম্বরের বদলে ২৩শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক পৌঁছাবেন। তার সফরসঙ্গী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ এরই মধ্যে নিউ ইয়র্কগামী ফ্লাইট ধরেছেন। ঢাকা ছাড়ার আগে সঙ্গে আলাপে রিয়াজ হামিদুল্লাহ বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের একটি সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনের তরফে একটি শিডিউল বা স্লট প্রস্তাব করা হয়েছে। শেষ সময়ে বৈঠকে এটি এসেছে জানিয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব বলেন, শীর্ষ বৈঠকটি এখনো প্রস্তাবিত। কারণ নির্ধারিত সময়ে দু’জনের নিউ ইয়র্কে উপস্থিতিসহ অন্যান্য অনেক বিষয় এর সঙ্গে জড়িত।
তবে যেকোনো ফর্মে বৈঠকটি হওয়ার বিষয়ে ঢাকা আশাবাদী। এদিকে নিউ ইয়র্কে পোস্টেড বাংলাদেশের এক কূটনীতিক বলেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকের কারণেই প্রধান উপদেষ্টার সফর একদিন এগিয়ে এসেছে। ওই কর্মকর্তা বলেন, কেবলমাত্র টাইমিংয়ের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হচ্ছে না। যদিও বৈঠকটির বিষয়ে উভয়ের আগ্রহ ছিল। কিন্তু না, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই ভারতের প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র ছেড়ে যাবেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যকার বাংলাদেশ-ভারত বৈঠক হবে বলে নিশ্চিত করেন তিনি।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||




