আজ রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে আজ। রাতে সরকারের উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। রাত আটটায় শপথ অনুষ্ঠান হতে পারে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, উপদেষ্টা পরিষদে ১৫ জনের মতো সদস্য থাকতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গতকালই ফ্রান্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা। ড. মুহাম্মদ ইউনূসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সেনাবাহিনীর প্রধান উপস্থিত থাকবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে চারশ’র মতো অতিথি থাকবেন বলে জানা গেছে। এদিকে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের করা মামলা থেকে তাকে খালাস দেয়া হয়েছে গতকাল। ফ্রান্স থেকেই গতকাল দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি বার্তাও দিয়েছেন।

এতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ড. ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।

ওদিকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ হয়নি।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা চূড়ান্ত করার আলোচনা চলছিল। সূত্রের দাবি ১৫ জন সদস্যের তালিকার মধ্যে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের রাখার চেষ্টা চলছে। যাতে উপদেষ্টাদের নিয়ে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়। ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, আজ দুপুরের মধ্যেই উপদেষ্টাদের নাম চূড়ান্ত হয়ে যাবে।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের প্রায় চার ঘণ্টার বৈঠকে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। তবে ওই সরকারের মেয়াদ কতোদিন হবে তা এখনো স্পষ্ট নয়। বিএনপিসহ রাজনৈতিকদলগুলো দাবি করছে যতো দ্রুত সময়ে সম্ভব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজন করতে হবে।

গত সোমবার দুপুরের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বিকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রীর পদত্যাগের তথ্য জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এরপর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে অব্যাহতি পেলেন ড. ইউনূস

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin