আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকা-১৮ আসনে ভোট শুরু

ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়।

নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার থেকে মোটরসাইকেল, ট্রাক ও পিকআপ চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি বুধবার রাত ১২টা থেকে ১২ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল করতে পারবে না। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে।

এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। নির্বাচনী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। তাই সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৮ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এ আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহতাবউদ্দিন বলেন, ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছে। ইভিএমসহ নির্বাচনী সামগ্রী বুধবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin