তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনকে জোরদার করতে আব্দুল জব্বার সওদাগর চট্টগ্রামে বলী খেলা চালু করেন। তখন থেকে এই জব্বারের বলী খেলা চট্টগ্রামের ইতিহাসের অংশ হিসেবে প্রসিদ্ধ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র বার্ষিক মেলা ও মেজবানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে জব্বারের বলী খেলা উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় চট্টগ্রামের চকোরিয়ার জীবন বলী চ্যাম্পিয়ন হন। মেজবান ও মেলা উপলক্ষে অনুষ্ঠানস্থলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের জানা প্রয়োজন এবং তাদের সামনে আমাদের ঐতিহ্যগুলো পরিচিত করাতে হবে। সে জন্যই ঢাকায় জব্বারের বলী খেলা আয়োজন করা হয়েছে।
ড. হাছান বলেন, মেজবানের মতো বলী খেলাও চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতির অংশ। ভবিষ্যতে বড় জায়গা পেলে আমরা গরুর লড়াইও আয়োজন করবো।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্তান ড. হাছান মাহমুদ তার বক্তব্যে চাটগাঁ ভাষায় তার মেজবানপ্রীতি তুলে ধরে বলেন, আই সারা বছর মেজবানের লাই অপেক্ষা করি। আইজ তেমন কিছু ন’’খাই। চাটগাঁয় বঙ্গবন্ধু টানেলের ভৌতকর্ম সমাপ্তিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষের নাশতাও ন’খাই এই মেজবানের লাই।
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন হিরোর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




