কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদার দাবিতে হামলার অভিযোগে কোর্টে মামলা করায় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র ক্ষিপ্ত হয়ে অ্যাপারেলস লিমিটেডের নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানের একটি এসকেভেটরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সোমবার (৫ ডিসেম্বর) রাতে পাঁচ জনের নামে এবং অজ্ঞাত ১৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেছে কর্তৃপক্ষ।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় উল্লেখ করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন ওসি।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলকরা এলাকার নির্মাণাধীন ওই শিল্প প্রতিষ্ঠানে চাঁদার দাবির করে হামলা, ভাঙচুর ও লুটপাট করে অভিযুক্তরা। এ ঘটনায় কোর্টে মামলা করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি। এতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে সাসটেইনেবল অ্যাপারেলস লিমিটেডের নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানের ভেতরের একটি এসকেভেটরে অগ্নিসংযোগ করে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।




