নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ রিয়া মুনিকে হত্যা মামলায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সদরের স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিলন মিয়া (২৫) উপজেলার ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
নিহত রিয়া মুনি (১৯) উপজেলার রাজাপুর গ্রামের রুবেল আলীর মেয়ে এবং আসামি মিলন মিয়ার স্ত্রী।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলার হওয়ার পর থেকেই স্বামীসহ অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মিলনকে সোমবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার অভিযোগ জানা গেছে, ২০২০ সালে উপজেলার রাজাপুর গ্রামের রিয়া মুনির সঙ্গে ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের মিলন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই রিয়াকে তার স্বামী মিলনসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত। গত ৪ অক্টোবর রাতে যৌতুককে কেন্দ্র করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ রিয়াকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ রিয়ার বাবা রুবেল বাদী হয়ে রিয়ার স্বামী মিলন, শ্বশুর নূর মোহাম্মদ, শাশুড়ি মনিকা, ননদ-জাসহ সাত জনের নামে এবং অজ্ঞাত আরও ছয় জনকে আসামি করে ৫ অক্টোবর রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।




