দেশের সর্ববৃহৎ গাঁজার ক্ষেত ধ্বংস করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন। গত শুক্রবার (২ ডিসেম্বর) ও শনিবার (৩ ডিসেম্বর) মহালছড়ি জোনের বিজিতলা সাবজোনের অন্তর্গত ধইল্লাপাড়া এলাকায় চলমান টহল অভিযানে প্রায় ২০০ বিঘা জমিতে চাষ করা গাঁজা ক্ষেত ধ্বংস করে মহালছড়ি সেনা জোনের সদস্যরা। এ সময় প্রায় ২০ থেকে ২৫ হাজার কেজি গাঁজার গাছ পুড়িয়ে ফেলা হয়।
জানা যায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়ার পরপরই ওই এলাকায় অভিযান চালায় মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের সঙ্গে নাসির ফেরদৌসের নেতৃতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে গাঁজা চাষের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী দল ইউপিডিএফ (মূল) এর সহযোগিতায় ধইল্লাপাড়া, মাটিরাঙ্গার স্থানীয় কারবারি রবি চাকমা (৫৫) ধ্বংসকৃত এই গাঁজা ক্ষেতের চাষ করে যাচ্ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে তিনি আগেই পালিয়ে যান।
বিভিন্ন সূত্রে জানা যায়, ধইল্লাপাড়া এলাকাটি প্রত্যন্ত ও দুর্গম হওয়ায় এই এলাকায় জনসাধারনের চলাচল নেই বললেই চলে। গহীন অরন্য ও দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা নিরাপদ এলাকা হিসাবে এই স্থান বেছে নিয়েছে গাঁজা চাষের জন্য। দূর্গম পাহাড়ে গাঁজার চাষ করে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করে থাকে মাদক ব্যবসায়ীরা। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অস্ত্র ক্রয় ও তাদের বেতন ভাতাসহ অন্যান্য প্রশাসনিক কাজে মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়ে থাকে।
এদিকে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। মহালছড়ি জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা নিশ্চিত করে আসছে। মহালছড়ি সেনা জোনের এরুপ কার্যক্রম সন্ত্রাসীদের বিভিন্ন প্রকার মাদকের চাষ বন্ধ এবং মাদক নিষ্ক্রিয় করতে সক্ষম হবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।




