আল্লাহ মুমিনদের রক্ষাকারী
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। যখন একটি সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হাত ওঠাতে চেয়েছিল, আল্লাহ তাদের হাত তোমাদের থেকে নিবৃত্ত করেছিলেন। …’ (সুরা : মায়িদা, আয়াত : ১১)
কোরআন আলোর পথের দিশারি
ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, এর (কোরআন) দ্বারা তিনি তাদের শান্তির পথে পরিচালিত করেন। নিজ ইচ্ছায় তাদের অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যান। তাদের সরল পথে পরিচালিত করেন।’
(সুরা : মায়িদা, আয়াত : ১৬)
ভ্রাতৃহত্যা জঘন্যতম পাপ
ইরশাদ হয়েছে, ‘অতঃপর তার কুপ্রবৃত্তি তাকে ভ্রাতৃহত্যায় উত্তেজিত করল, ফলে সে তাকে হত্যা করল। সুতরাং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো।’ (সুরা : মায়িদা, আয়াত : ৩০)
আল্লাহর নৈকট্য লাভের উপায় খোঁজো
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! আল্লাহকে ভয় করো এবং তাঁর নৈকট্য লাভের উপায় খোঁজো, তাঁর পথে সংগ্রাম করো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সুরা : মায়িদা, আয়াত : ৩৫)
পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর
ইরশাদ হয়েছে, ‘তুমি কি জানো না, আসমান ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই? তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান।’ (সুরা : মায়িদা, আয়াত : ৪০)




