আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ‘প্রণোদনা পরিকল্পনা’র নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রণোদনা পরিকল্পনা তৈরি করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ ডিসেম্বর) গণভবনে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চূড়ান্তকরণ সভায় তিনি নির্দেশনা দেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘সভায় অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আর্থিক প্রণোদনার একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উপ-প্রেস সচিব জানান, ‘সকলের সঙ্গে সমৃদ্ধির পথে’ স্লোগানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২০২৫) চূড়ান্ত খসড়া উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

প্রধানমন্ত্রী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক পরিকল্পনাগুলো দেখেন। এই সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার স্ট্যাট্রেটিজি ও অ্যাকশন প্ল্যান আলাদাভাবে হাইলাটস করতে পরিকল্পনা কমিশনকে নির্দেশ দেন সরকার প্রধান। আগামী একনেক সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

সভায় ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাব জেলে বন্দি থাকার সময় জেলে বসে দেশের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শক্তিশালী অভ্যন্তরীণ বাজার তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন সরকার প্রধান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin