টানা দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটাও ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তাপমাত্রা কমে আসায় চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে চুয়াডাঙ্গা ও আশপাশের অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে।
সকালের দিকে সূর্যের দেখা মিলছে দেরিতে। ফলে ভোগান্তিতে পড়ছেন এ অঞ্চলের নিম্নআয়ের মানুষরা। আগামী দু-একদিনের মধ্যে মেঘলা আকাশ দেখা দিতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।
রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি : চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। এদিন ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছর শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে এখন শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, এখন ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। তবে রোববার পর্যন্ত একইরকম থাকতে পারে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।




