আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুন্সীগঞ্জেই ২৩ চেকপোস্ট

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব চেকপোস্টে ঢাকাগামী যানবাহনে ব্যাপক তল্লাশি করা হচ্ছে। শুধু মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কেই ২৩টি চেকপোস্ট বসেছে। এছাড়া মোবাইল টিম, অভিযানিক টিম, স্ট্রাইকিং ফোর্স, নৌ-পুলিশ টিমসহ ৮৪টি টিম ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

শুক্রবার সরেজমিন সাভার, আমিনবাজার, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও বাসের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে। তবে এদিন সড়কে দূরপাল্লার যানবাহন ও যাত্রী কম ছিল। পুলিশ বলছে, সাধারণ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও সড়কে নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে এমন তৎপরতা চালানো হচ্ছে। যুগান্তর প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জ : ঢাকায় প্রবেশে ২৩টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া মোবাইল টিম, অভিযানিক টিম, স্ট্রাইকিং ফোর্স, নৌ-পুলিশসহ ৮৪টি টিম ঢাকামুখী যানবাহনে তল্লাশি করছে। গজারিয়া উপজেলার জামালদী, ভাটেরচর, আনারপুরা, ভবেররচর, দড়ি বাউশিয়া, মধ্যম বাউশিয়া, বাউশিয়া পাখির মোড়ে চেকপোস্ট বসেছে। ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতুর টোল প্লাজার অভিমুখ থেকে কুচিয়ামোড়া পর্যন্ত পাঁচটি চেকপোস্টে তল্লাশি চলছে।

ঢাকা-দোহার, মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালসহ অভ্যন্তরীণ নৌপথেও বসেছে বিভিন্ন চেকপোস্ট। এছাড়া, মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এদিকে বিএনপির নেতাকর্মীরা জানান, ১ ডিসেম্বর থেকেই আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়, মামলা ভুক্ত না থাকলেও ধরে নিয়ে বিভিন্ন মামলায় আসামি করা হয়। তাই নেতাকর্মীদের অনেকে আগেই ঢাকা চলে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে চেকপোস্ট বসানো হয়েছে। ২৩টি চেকপোস্টসহ ৮৪টি টিমের মাধ্যমে যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ। এটিকে পুলিশের নিয়মিত কার্যক্রম বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

শুক্রবার সকালে এলেঙ্গায় গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও বাসের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যদিও এ মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যাত্রীবাহী বাসের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। জেলার ট্রাফিক ইন্সপেক্টর (উত্তর) রফিকুল ইসলাম সরকার জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) : আজ ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে ৩ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরাও মহাসড়কে টহল দিবে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ২২০ জন পুলিশ সদস্যকে সাইনবোর্ড এলাকায় এবং বাকি ৮০ সদস্যকে মৌচাক এলাকায় রাখা হবে।

এদিকে মৌচাক এলাকায় চার দিন ধরে স্থাপন করা চেকপোস্টে শুক্রবার ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে স্বদেশ পরিবহণের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ মাদক উদ্ধার করা হয়।

সাভার : আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। এ সময় কাউকে সন্দেহভাজন মনে হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া মোটরসাইকেল এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কয়েকদিন ধরেই আমিনবাজার, রেডিও কলোনি, বাইপাইল ও আশুলিয়ায় বিভিন্ন এলাকার চেকপোস্টে যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

ঢাকা উত্তরের ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) আব্দুস সালাম বলেন, ঢাকার প্রবেশমুখ গাবতলী ও আমিনবাজার এলাকায় বড় একটি চেকপোস্ট পরিচালিত হচ্ছে। দূরপাল্লার যানবাহনগুলোতে তল্লাশি চালানোর কারণে যানবাহনগুলো কিছুটা ধীরগতিতে চলছে। তবে গাড়ির সংখ্যা কম থাকায় এবং যাত্রীর চাপ না থাকায় কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

মিরপুর : শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন আমিনবাজার ব্রিজের মুখে বসানো চেকপোস্টে দেখা গেছে, যাত্রী ও পথচারীদের ব্যাগ ও পকেট তল্লাশি করছে পুলিশ। দূরপাল্লার বাস থামিয়ে নজরদারি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। অবশ্য কাউকে আটক করতে দেখা যায়নি।

গাবতলী থেকে মিরপুর ১ নম্বর টেকনিক্যাল পর্যন্ত ৪টি স্থানে দারুসসালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে প্যান্ডেল টাঙিয়ে দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দূরপাল্লার বাসের যাত্রীর চাপ বেশি থাকলেও এই দিন বেশিরভাগ কাউন্টার ছিল ফাঁকা।

লৌহজং (মুন্সীগঞ্জ) : শুক্রবার সকালে লৌহজং থেকে ঢাকাসহ আশপাশের কোনো জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলতে দেখা যায়নি। ঢাকা-মাওয়া মহাসড়কসহ লৌহজং থেকে ঢাকা প্রবেশের বিভিন্ন লিংক রোডে তল্লাশি চৌকি বসেছে। মাওয়া জয়বাংলা মোড়, খলাপাড়া বাসস্ট্যান্ড, লৌহজং সদর, মালিংক, ঘোলতলী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

ভৈরব (কিশোরগঞ্জ) : স্থানীয় বিএনপি নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে গ্রেফতার করে। এরা হলেন-উপজেলার শিবপুর ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দ্বিন ইসলাম, আগানগর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির মিয়া ও একই ইউপির বিএনপির কর্মী রুবেল। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে বৃহস্পতিবার থেকে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। তবে শুক্রবার সকাল থেকে এ মহাসড়কে দূরপাল্লার বাস কম ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin