আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পুতিনের সঙ্গে বৈঠক হচ্ছে না বাইডেনের: হোয়াইট হাউস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শর্তসাপেক্ষে বৈঠকে বসা নিয়ে যে আলোচনা চলছিল, তাতে পানি ঢেলে দিল হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এখনই পুতিনের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা বাইডেনের নেই।’

তিনি বলেন, ‘পুতিন (বাইডেনের সঙ্গে) কোনো প্রকার সংলাপে যেতে আগ্রহী নন; বরং প্রকৃতপক্ষে তিনি এর উল্টোটাই চান। আমাদের প্রেসিডেন্টও এ ব্যাপারটি লক্ষ্য করেছেন।’

গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ক্রেমলিন নেতা যদি যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে চান, তাহলে তিনি পুতিনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক।

মার্কিন ও ইউরোপীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি এতটা অকপট ও খোলা মনের পরিচয় দিয়েছেন বাইডেন।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন অবশ্য বাইডেনের এই প্রস্তাবে তেমন ইতিবাচক সাড়া দেয়নি। শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বাইডেন এখনও জাপোরিজ্জিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেননি, এবং তিনি মূলত চান— পুতিন যেন ইউক্রেন ত্যাগ করেন। নিশ্চিতভাবেই এই শর্ত মস্কোর পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।’

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে জন কিরবিকে সাংবাদিকরা প্রশ্ন করেন— যদি বাইডেনের সঙ্গে পুতিনের সংলাপ না হয়, সেক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সংলাপের কোনো সম্ভাবনা রয়েছে কিনা।

উত্তরে কিরবি বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্যে আমাদের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হবে না, রাশিয়ার সঙ্গে সংলাপে বসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কেবল তিনিই।’

‘তবে পুতিন যদি সঠিক সিদ্ধান্ত নেন এবং ইউক্রেন থেকে সরে যান, সেক্ষেত্রে যুদ্ধ এখনই বন্ধ হতে পারে। ইউক্রেনে রুশ বাহিনীর উপস্থিতি থাকা উচিত নয়।’

সূত্র : ভয়েস অফ আমেরিকা

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin