আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী সেই চমক দেখিয়েছেন, যা আমরা কল্পনাও করিনি: মেয়র লিটন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। আমরা যা কল্পনাও করিনি, সেই চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী। নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, সেখানে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। সবদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ জনগণের দল। শেখ হাসিনা শক্ত হাতে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। সেই দলকে কেউ দুর্বল ভাববেন না। জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের পক্ষে কাজ করার জন্য। উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে দায়িত্ব পালনে ওয়াদাবদ্ধ।

তিনি আরো বলেন, লন্ডনে বসে ক্যাসেট বাজায় তারেক জিয়া। আর সেই ক্যাসেট শুনে বিএনপি এখানে আওয়াজ দেয়। আমরা বলতে চাই বিএনপির হাওয়া ভবন, চম্পা ভবন, খোয়াব ভবন ছিল। খোয়াব ভবনের মতো খোয়াব আর আপনারা দেইখেন না। আর খোয়াব দেখে লাভ নেই। কারণ ক্ষমতায় বসে আবারো লুটপাট করবেন- সেই স্বপ্ন আর পূরণ হবে না।

রাসিক মেয়র বলেন, বিএনপি সমাবেশ করছে, নির্বাচনও করবে। এখন অযথা বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। আমরা বলতে চাই আপনাদের জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনে আসেন, জনগণ চাইলে কিছু আসন পেতেও পারেন।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin