কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির হুক ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ৩ ঘণ্টা পর উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিন ও বগির হুক ভেঙে যাওয়ায় একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল করলেও কিছুটা বিঘ্নিত হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি রকিবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ভৈরব পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগি সংযুক্ত হুক ভেঙে যায়। ফলে গত ৩ ঘণ্টা ধরে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির হুক মেরামত করা হলে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।




