আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতারা উন্নয়ন চোখে দেখে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি নেতারা এসব উন্নয়ন চোখে দেখছেন না। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’

বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহাবুব-উল আলম হানিফ বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা, সিলেটের এমসি কলেজের ঘটনা নিন্দনীয়। আমি এসব ঘটনার নিন্দা জানাই। এসব ঘটনার কারণে বিএনপি অপপ্রচারের সুযোগ পাচ্ছে। সরকার কোনো অপরাধীকে ছাড় দেয়নি।’

আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্মরণ করে হানিফ বলেন, ‘চট্টলার বীর সন্তান মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ’৭৫-এর পর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন। চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও তিনি শুধু চট্টগ্রামেরই নেতা নন, তিনি বাংলাদেশের নেতা। তার তুলনা তিনি নিজেই।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এ প্রবীণ রাজনীতিবিদ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাজনীতির উদ্দেশ্য মানুষের কল্যাণ করা- এ বাণী মরহুম আখতারুজ্জামান চৌধুরী রাজনৈতিক ইতিহাস থেকে শিখতে হবে।’

মরহুমের পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার বাবা শুধু বাবাই নন, আমার জন্য বটবৃক্ষ। চলায়-বলায় বাবার আদর্শ অনুসরণ করে চলেছি। বাবার রাজনীতির আদর্শ ধারণ করেই আমি রাজনীতি করছি।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘মরহুম আখতারুজ্জামান চৌধুরী ছিলেন আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহযোদ্ধা। আওয়ামী রাজনীতির পুরোধা মরহুম আখতারুজ্জামান চৌধুরী ছিলেন জাতির জনকের ঘনিষ্ঠ সহচর। রাজনীতির কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার মতো শক্তি ও মনোবল ছিল তার অটুট।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও রোয়ালখালী আসনের এমপি মোছলেম উদ্দিন বলেন, ‘মরহুম আখতারুজ্জামান চৌধুরী ছিলেন চট্টগ্রামের একজন শিল্পপতি। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও সাধারণ মানুষের সঙ্গে তার চল-মিল বেশি ছিল। ‘৭৫ এর পর মরহুম আখতারুজ্জামান চৌধুরীকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলা যায় না।’

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক ও সফল ব্যবসায়ী মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের ৪ নভেম্বর এই রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একই আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন স্মৃতিচারণ সভার আয়োজন করে।

এ উপলক্ষে সকালে তার নির্বাচনী এলাকা আনোয়ারায় মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও আপামর জনতা। বিকেলে নগরের প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin